জানাজার নামাজ ফরজে কিফায়া। মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রায় প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর জানাজা হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করলে উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জিত হয় (সহিহ মুসলিম)। তাই মক্কা-মদিনায় এই আমলটি ছেড়ে দেবেন না।
ফরজ ৩টি
- নিয়ত করা।
- দাঁড়িয়ে নামাজ আদায় করা।
- চার তাকবির বলা।
সুন্নত ৩টি
- প্রথম তাকবিরের পর সানা পড়া।
- দ্বিতীয় তাকবিরের পর দরুদে ইবরাহিমি পড়া।
- তৃতীয় তাকবিরের পর নির্ধারিত দোয়া পড়া।
ধাপে ধাপে
- নিয়ত: মনে মনে নিয়ত করুন — “আমি জানাজার ফরজে কিফায়া নামাজ চার তাকবিরসহ এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আদায় করছি।”
- প্রথম তাকবির: কান পর্যন্ত হাত তুলে “আল্লাহু আকবার” বলে হাত বাঁধুন এবং সানা পড়ুন।
- দ্বিতীয় তাকবির: হাত না তুলে তাকবির বলুন এবং দরুদ পড়ুন।
- তৃতীয় তাকবির: হাত না তুলে তাকবির বলুন এবং মৃত ব্যক্তির জন্য জানাজার দোয়া পড়ুন।
- চতুর্থ তাকবির: হাত না তুলে তাকবির বলুন, তারপর ডানে ও বাঁয়ে সালাম ফেরান।
ইমাম তাকবির উচ্চস্বরে বলবেন; মুক্তাদিরা সবাই তাকবির ও দোয়া-দরুদ নিচু স্বরে পড়বেন। জানাজার নামাজে রুকু-সিজদা নেই।
اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اَللّٰهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيْمَانِ
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)। নামাজের ধাপ: প্রথম আলো ওমরাহ গাইড।
